চীন ছাড়া সব দেশে বন্ধ অ্যাপলের বিক্রয়কেন্দ্র

১৪ মার্চ, ২০২০ ১৯:৪৬  
করোনাভাইরাসের আতঙ্কে চীন ছাড়া সকল দেশে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের বিক্রয়কেন্দ্র। শনিবার মার্কিন টেক জায়ান্টটির সিইও টিম কুক এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। খবর সিএনএন। টিম কুক জানান, ২৭ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী অ্যাপল স্টোরগুলো বন্ধ থাকবে। তবে দুই মাস বন্ধ থাকার পর চীনের স্টোরগুলো খুলে দেয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের কর্মী এবং ক্রেতাদের নিরাপদে রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান। বিক্রয়কেন্দ্র বন্ধ থাকলেও অ্যাপল ওয়েবসাইট এবং অনলাইন থেকে অ্যাপল পণ্য কেনা যাবে বলেও কুক জানান। বিবৃতিতে বলা হয়, করোনা মোকাবিলায় রোগীদের জন্য ১৫ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে কোম্পানিটি।